উত্তরবঙ্গরাজনীতিরায়গঞ্জ

নির্বাচন পরবর্তীতে নির্দল – তৃণমূল সংঘর্ষে ফের অশান্ত গোয়ালপোখর

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, গোয়ালপোখর, ২০শে মে, ২০১৮: রবিবার নির্দল তৃণমূল সংঘর্ষে ফের অশান্ত হয়ে উঠলো গোয়ালপোখরের বালিচর এলাকা। সংঘর্ষে জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে গোয়ালপোখর থানার পুলিশ। জানা গিয়েছে, গোয়ালপোখর -১ ব্লকের গোয়াগাঁও -১ গ্রাম পঞ্চায়েতের বালিচর এলাকার মহম্মদ কামিল তৃণমূলের থেকে টিকিট না পেয়ে পঞ্চায়েত ভোটে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ভোটে জিতেও গিয়েছে নির্দল প্রার্থী মহম্মদ কামিল। কিন্তু এদিন সকালে আচমকাই গোয়াগাঁও -১ গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান তৃণমূলের হাসিনা খাতুনের স্বামী  মহম্মদ ইদু হুসেন লোকজন নিয়ে জয়ী নির্দল প্রার্থী মহম্মদ কামিলের বাড়িতে লাঠি ও তরোয়াল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ওই হামলায় কামিলের দাদা কাজিম ও বৌদি সহ ১০ জন গুরুতর জখম হয়ে পড়ে। জখমদের গোয়ালপোখরের লোধন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁদের ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপরদিকে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী তৃণমূলের। উল্লেখ্য, সম্প্রতি গোয়ালপোখরের হামডাঙ এলাকায় নির্দল ফরওয়ার্ড ব্লক সংঘর্ষে এক নির্দল কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। ভোট মিটে গেলেও ভোট পরবর্তী হিংসায় বারবার অশান্ত হয়ে উঠছে ইসলামপুর মহকুমার বিভিন্ন এলাকা। হাসপাতালে ভর্তি জখম নির্দল প্রার্থীর দাদা কাজিম বলেন, আমরা তৃণমূল থেকে টিকিট না পেয়ে আমার ভাই কামিল নির্দল লড়ে জিতেছে। তাই আজকে প্রধানের স্বামী ইদু লোকজন নিয়ে আমাদের বাড়িতে ঢুকে লাঠি, তরোয়াল দিয়ে হামলা করেছে। আমাদের বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গিয়েছে। গোয়াগাঁও – ১ গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান তৃণমূলের হাসিনা খাতুনের স্বামী মহম্মদ ইদু হুসেন বলেন, অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন, ওরাই উল্টে বাঁশ লাঠি নিয়ে হামলা করেছিল। গোয়ালপোখর থানার ওসি অভিজিৎ দত্ত বলেন, ঘটনার খবর পেয়ে গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *