উত্তরবঙ্গবালুরঘাট

রান্না ঘরে মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার কুশমন্ডিতে

দীপঙ্কর মিত্র (টী.এন.আই বালুরঘাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই বালুরঘাট, ০৫ই ডিসেম্বর ২০১৭: মঙ্গলবার সকালে বাড়ির মধ্যে থেকে আদিবাসী মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডি থানার লোহাগঞ্জ এলাকায় । চোলাই বিক্রয়কারী বছর পঁয়তাল্লিশের মৃতা সাবিত্রী হাঁসদা নামে মহিলাটি কুপ্রস্তাবে সাড়া না দেওয়াই এই ঘটনা বলে দাবী। স্থানীয় ও পরিবার সূত্রের খবর, সাবিত্রী হাঁসদা একাই বাড়ি থাকেন। স্বামী বাবলু  হেমরম কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। সাবিত্রী হাঁসদা বাড়িতে চোলাই মদ বিক্রি করতেন। চোলাই মদ খেতে অনেকেই আসতেন। মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় মৃতা মহিলাকে নানান কুপ্রস্তাব দেওয়া হত। সেই কুপ্রস্তাবে সাড়া তিনি কাউকেই কোন দিনই দেননি। দিন কয়েক ধরে দুই গ্রাহক তাকে বিরক্ত করত। তার প্রতিবাদ করতেও দেখা গেছিল সাবিত্রী দেবীকে। এরপর এদিন সকালে ওই মহিলার রক্তাক্ত মৃতদেহ পরে থাকতে দেখে প্রতিবেশীরা। গলায় কোপ ও সারা শরীরে ক্ষতবিক্ষত অবস্থা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুশমন্ডি থানার বিশাল পুলিশ বাহিনী। আসেন গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক বিপুল  ব্যানার্জি, সহ কমব্যাট ফোর্স। খুনের ঘটনায় জড়িত সন্দেহে অমর সরকার নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কুপ্রস্তাবে সাড়া না দেওয়া নাকি অন্যকোন কারনে মহিলাকে খুন করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেশি ঝালো সরকার বলেন, এদিন তিনি ছাদে ঘুঁটো দিয়ে উঠে দেখতে পান বাড়ির মধ্যে পরে আছে সাবিত্রী দেবী। এরপরেই তিনি খবর দেন মৃতার পরিবারের অনান্যদের। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির দাবী তাদের। নইলে এলাকায় এই ধরনের ঘটনা বেড়েই যাবে বলে আতংক তাদের। মৃতার মেয়ে বলেন, বিয়ে হয়ে যাওয়ায় তিনি শ্বশুর বাড়িতে থাকেন। তার মা একাই থাকতেন বাড়িতে। আগেরদিন বিকেল পর্যন্ত আত্মীয়রা ছিল বাড়িতে। সকলে যাবার পর রাতে এই ঘটনা ঘটেছে। দুস্কৃতিরা মুখ, গলা, কান চোখ সব কেটে নৃশংস ভাবে খুন করেছে। তার মাকে খুনের আগে ধর্ষণ করা হয়েছে। কিছু জিনিসপত্র নিয়ে গেছে খুনিরা। অভিযোগ, তার মাকে মাঝে মাঝে কিছু ব্যক্তি কুপ্রস্তাব দিত। হুটহাট করে বাড়ি ঢুকে যেত। সেই প্রস্তাবে সারা নেওয়ায় তার মাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন তিনি। কুশমন্ডি থানার লোহাগঞ্জ এলাকার এই ঘটনায় পুলিশ অমর সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এদিকে মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *